জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের বলেছেন, রংপুরের মানুষের কাছে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের পার্টির ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে, গণনা ও ফলাফল হলে এবার আমরা অনেক বেশি সিট পাব।
রোববার দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ (সদর-সিটি আংশিক) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় নির্বাচনি প্রচারণা সম্পর্কে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থি দেশ গড়তে চায়। এ অবস্থা থেকে দেশ রক্ষা জন্য গণভোটে ‘না’ চিহ্নে ভোট দিতে হবে। এই সরকার সারা দেশ কারাগারে পরিণত করেছে। দেশে এখন চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে। আর নিরীহ মানুষকে বিভিন্ন কাল্পনিক মামলা দিয়ে জেলে দিচ্ছে।
তিনি বলেন, একদল বলছে নারীদের চাকরি করা যাবে না। তারা নারীদের বাক্সবন্দি করে রাখতে চায়। এটি কোনো সভ্য সমাজে হতে পারে না। নারীরা যদি কর্মক্ষেত্রে যেতে না পারে তাহলে যেই পরিবারে একমাত্র মেয়ে রয়েছে, সেই পরিবার কিভাবে চলবে। তারা দাবি করছে নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ইসলামে তো এমন কথা নেই, তাই এই কথাগুলো তারা কোথা থেকে পেল। আমাদের দেশে নারী-পুরুষ একসঙ্গে কাজ করে এটাই স্বাভাবিক।