আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি সই হচ্ছে। ভোটের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারিখ পেয়েছি। এ তারিখে সই করার জন্য অনুমোদন চেয়ে সারসংক্ষেপ পাঠিয়েছি। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।’

বাংলাদেশের ওপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্কহার নিয়ে এর আগে গত আগস্টে সমঝোতা হয় দুই দেশের, কিন্তু চুক্তি স্বাক্ষর বাকি ছিল।

চুক্তির খসড়া এবং পাল্টা শুল্কের হার কত হতে পারে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ‘২০ শতাংশ আছে। কিছু দেশে একই আছে, আবার কিছু দেশে আছে এর চেয়ে বেশি। আশা করছি, হার কিছুটা কমবে। তবে ৯ ফেব্রুয়ারির আগ পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না ।’

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ছেন বাণিজ্য উপদেষ্টা  ও বাণিজ্য সচিব। তারা আগে জাপান যাবেন। পরদিন জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (বিজেইপিএ) সই হবে। সেখান থেকেই তারা ওয়াশিংটনে যাবেন।