আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে নামের মিল থাকায় আসনটি নিয়ে দেশজুড়ে যে বাড়তি কৌতূহল ছিল, তার অবসান ঘটল বিপুল ভোটের এই ব্যবধানে।

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মিঠাপুকুর উপজেলা কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ পারভেজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অধ্যাপক মো. গোলাম রব্বানী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট। জামায়াত প্রার্থী ৬১ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

​অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর (লাঙ্গল) পেয়েছেন ১৬ হাজার ৪৯০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা) ২ হাজার ৩৭২ ভোট এবং এবি পার্টির প্রার্থী (ঈগল) ৩৫০ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে এবার ভোটারদের মধ্যে সচেতনতা ও বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। বিশেষ করে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের হার ছিল উল্লেখযোগ্য। এই আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ১০ হাজার ৮৫৫টি এবং না ভোট পড়েছে ৮১ হাজার ২৩৯টি।

​মোট ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন ভোটারের এই আসনে ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৪৮৯। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮৪ এবং বাতিলকৃত ভোট ৮ হাজার ৪০৫। প্রদত্ত ভোটের হার ৬৮.৩১ শতাংশ।

বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার ১৭টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাত পৌনে ১২টার দিকে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকরা এলাকায় শান্তিপূর্ণ আনন্দ মিছিল বের করেন।